ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে বিসিবির চিঠি
ভারতের সঙ্গে ভাঙা ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ জানিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) চিঠি দিয়েছে সংস্থাটি। ভারতের সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের শুরু থেকেই দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে। উগ্রবাদীদের হুমকির কারণে কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এরপর বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। বিসিবি শুরুতে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু আইসিসি তা নাকচ করে দেওয়ায় শেষ মুহূর্তে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে একটি সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল দুই দেশের। দুই বোর্ডের বড় আর্থিক স্বার্থ জড়িত থাকলেও বৈরী সম্পর্কের জেরে বিসিসিআই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়।
২০২৭ সালকে সামনে রেখে বিসিবি এখন সম্পর্ক স্বাভাবিক করতে সক্রিয় হয়েছে। সম্পর্ক পুনরুদ্ধার হলে স্থগিত সিরিজ নিয়ে আলোচনা নতুন করে শুরু হতে পারে, তবে ভেন্যু প্রশ্নে এখনো বিতর্ক রয়ে গেছে। উল্লেখ্য, আগামী বছরের এশিয়া কাপ আয়োজনের স্বত্বও রয়েছে বাংলাদেশের কাছে।
বিসিবি সমঝোতার বার্তা দিলেও বিসিসিআই এখনো নীরব। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু ও সফরের ভেন্যু নির্ধারণ এখন পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। সরকারের সবুজ সংকেত পেলেই কেবল দুই দেশের ক্রিকেটে বরফ গলতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে