Views Bangladesh Logo

প্রথম শ্রেণির ক্রিকেটারদের ‘গ্রিন ক্যাপ’ দেবে বিসিবি

প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটের মর্যাদা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মৌসুম থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটারদের দেওয়া হবে বিশেষ ‘গ্রিন ক্যাপ’।

টেস্ট ক্রিকেটে অভিষেকের স্মারক হিসেবে সবুজ ক্যাপ পাওয়ার প্রচলন দীর্ঘদিনের। সেই ধারণা থেকেই এবার ঘরোয়া ক্রিকেটেও একই ধরনের স্বীকৃতি চালু করতে যাচ্ছে বিসিবি। বোর্ডের আশা, এতে প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব আরও বাড়বে এবং ক্রিকেটারদের মধ্যে এই সংস্করণ নিয়ে বাড়তি অনুপ্রেরণা তৈরি হবে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নতুন মৌসুমের সূচিও পুনর্বিন্যাস করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগের মতোই জাতীয় ক্রিকেট লিগ দিয়েই মৌসুম শুরু হবে।

এবারের সূচিতে নতুন সংযোজন হিসেবে থাকছে এনসিএল মাইনর লিগ। মূল প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহের মধ্যেই এই টুর্নামেন্ট শুরু হবে। ইংলিশ কাউন্টি ক্রিকেটের আদলে প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়মিত ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই লিগ চালু করা হচ্ছে।

এ ছাড়া এনসিএলের প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার পরিকল্পনাও করছে বিসিবি। এ বিষয়ে কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

শুধু এটুকুই নয়, চলতি বছর অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে ‘রাইজিং টাইগার্স’ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বিসিবির। সম্প্রতি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নতুন এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটার বাছাই করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ