এইচপির পেস বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার সৈয়দ রাসেল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। বিসিবি তাকে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন এইচপি চেয়ারম্যান শানিয়ান তানিম। তিনি জানান, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এইচপি প্রোগ্রামে যোগ দিতে পারেন রাসেল।
সম্প্রতি তালহা জুবায়ের জাতীয় দলে কোচিংয়ের দায়িত্ব পাওয়ায় এইচপির পেস বোলিং কোচের পদটি ফাঁকা হয়। ওই পদে স্থানীয় কোচের অভাব মেটাতেই মূলত সৈয়দ রাসেলকে ভাবা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর দুই বছরেরও বেশি সময় ধরে এইচপির বিদেশি পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন।
শানিয়ান তানিম জানান, কলিমোরের পাশাপাশি একজন স্থানীয় কোচ থাকলে এইচপির কার্যক্রম আরও জোরদার হবে এবং রাসেলের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগানো যাবে।
তানিম বলেন, ‘তালহা ভাই জাতীয় দলে চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে। কলিমোরের সঙ্গে একজন দেশি কোচ থাকলে ভালো। সৈয়দ রাসেল ক্রিকেটে লম্বা সময় ধরে কাজ করছেন। আমরা তাঁর অভিজ্ঞতা কাজে লাগাব।’
সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) কোচিং প্যানেল থেকে বাদ পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন রাসেল। প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিংয়ের সুযোগ হারানোর পরপরই এবার জাতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই পদে যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ রাসেল জানান, বিসিবি তাঁর সাথে এইচপি ইউনিট নিয়ে যোগাযোগ করেছে এবং কাজ করতে পারবেন কি না তা জানতে চেয়েছে।
রাসেল বলেন, ‘আমার কাছে জানতে চেয়েছিল এইচপিতে কাজ করতে পারব কিনা। আমি বলেছি পারব।’
মতামত দিন