Views Bangladesh Logo

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (২৮ মার্চ) গভীর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক।

এর আগে বোর্ড কর্মকর্তারা জানিয়েছিলেন, পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৬ বা ২৭ মার্চের মধ্যে তার দেশে ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্রিকেট অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়।

বুলবুলের দেশে ফেরা এমন এক সময়ে হলো, যখন গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক চলছে। ঢাকার কয়েকটি ক্লাব ও জেলা পর্যায়ের ক্রীড়া সংগঠকরা অভিযোগ তুলেছেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং এতে সরকারি প্রভাব ছিল।

এ প্রেক্ষাপটে তদন্তে নেমেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংস্থাটি একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা করছে।

কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, যা এপ্রিলের শুরুতে জমা পড়তে পারে।

বিসিবি সভাপতি বুলবুল শিগগিরই তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বোর্ডের চলমান কার্যক্রমও তদারকি করবেন। তদন্তে তার বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ