Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ডিপিএল, বাড়ছে ক্লাবের আর্থিক বরাদ্দ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুমের সূচি নিয়ে প্রাথমিক পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। প্রায় দেড় মাসের লড়াই শেষে ৭ এপ্রিল টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে।

সাধারণত এপ্রিল ও মে মাসে ডিপিএল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত মৌসুমে বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ক্লাবগুলোর লিগ বর্জনের কারণে প্রতিযোগিতার সূচি এলোমেলো হয়ে যায়। দীর্ঘ বিরতির পর শেষ পর্যন্ত এক লেগে আয়োজন করা হয়েছিল পুরো টুর্নামেন্ট। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না করে নির্ধারিত সময়ে লিগ আয়োজন করতে চায় বিসিবি।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিশের (সিসিডিএম) একটি সূত্র জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত চলবে এবারের ডিপিএল। তবে সূচিটি এখনো চূড়ান্তভাবে অনুমোদন বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

এদিকে গত আসরের ধারাবাহিকতায় এবারও ম্যাচ চলাকালে খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থা করবে বিসিবি। এবারের প্রতিযোগিতা মোট পাঁচটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে একাধিক মাঠে ম্যাচ আয়োজনের মাধ্যমে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ তৈরি হবে।

ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর আর্থিক বরাদ্দও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রতিটি ক্লাবকে লিগে অংশগ্রহণের জন্য ১৫ লাখ টাকা করে দেওয়া হতো। নতুন মৌসুম থেকে সেই অর্থের পরিমাণ ১০ লাখ টাকা বাড়িয়ে ২৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বিসিবির।

ক্লাবগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামো আরও কার্যকর করার অংশ হিসেবেই এই বরাদ্দ বৃদ্ধিকে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ে লিগ আয়োজনের উদ্যোগের পাশাপাশি বাড়তি আর্থিক সহায়তা ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ