বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ রফিক
বাংলাদেশের সাবেক স্পিন কিংবদন্তি মোহাম্মদ রফিক কে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি এই পদক্ষেপকে দেশীয় স্পিন কোচিং সক্ষমতা শক্তিশালী করার অংশ হিসেবে দেখছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের কাছে যথেষ্ট সংখ্যক পেস বোলিং কোচ থাকলেও স্পিন কোচের অভাব রয়েছে।
বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “প্রাথমিকভাবে এটি এক বছরের চুক্তি। রফিককে মাঠে দেখলে বোঝা যায়, বয়সে বড় হলেও এখনও তার খেলার মানসিকতা অব্যাহত। তিনি অনেক কিছু দিতে পারেন। জুনিয়র ও সিনিয়র খেলোয়াড়রা তার কাছ থেকে উপকৃত হতে পারবে।”
ফাহিম আরও জানান, “দেশে ৮-১০ জন পেস বোলিং কোচ থাকলেও স্পিন কোচের সংখ্যা তিনজনেরও কম। এটি উদ্বেগজনক। রফিক তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর মতো প্রার্থী। ভবিষ্যতে আরও কয়েকজন স্পিন কোচ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়া বোর্ড সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নতুন জাতীয় নির্বাচক কমিটি অনুমোদন করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে