ভারত সিরিজ আয়োজনে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির
আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্যে সরকারি পর্যায়ে সহযোগিতা চেয়ে উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে ভারত সফরসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জানা গেছে, ভারতের পক্ষ থেকে এখনো এই সফর নিয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত নিশ্চয়তা না আসায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ জোরদারের অনুরোধ জানিয়েছে বিসিবি। বোর্ডের আশা, সরকারি পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে সিরিজ আয়োজনের অনিশ্চয়তা দূর হবে।
এই সিরিজটি মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দুই দফায় সফরটি পিছিয়ে দেয়। সর্বশেষ সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ভারতের।
এর আগে গত ২৯ জুলাই বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজ আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও তিনি স্বীকার করেন, বিষয়টি শুধু বিসিবির সিদ্ধান্তে নির্ভর করছে না। তাঁর ভাষায়, কিছু গুরুত্বপূর্ণ বিষয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকি ও সমন্বয়ের ওপর নির্ভরশীল।
এদিকে দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও বহুল প্রতীক্ষিত এই সিরিজের দিকে তাকিয়ে আছেন। দীর্ঘদিন পর বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হলে তা ক্রিকেটাঙ্গনে ব্যাপক আগ্রহের জন্ম দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন