Views Bangladesh Logo

পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ৫০ শতাংশ বাড়াল বিসিবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড সভাপতি তামিম ইকবালের উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণের সময় ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকল স্তরের কর্মীদের কল্যাণ নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই সিদ্ধান্ত তারই অংশ।

সাঈদ ইব্রাহিম তার বক্তব্যে উল্লেখ করেন, ক্রিকেটের সাফল্য শুধু মাঠের খেলোয়াড়দের অবদানের ওপর নির্ভর করে না। প্রতিটি ম্যাচ আয়োজন, অনুশীলন কার্যক্রম এবং স্টেডিয়ামের সার্বিক পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের শ্রম ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করতেই এই বেতন বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, ন্যায্য পারিশ্রমিক কোনো বিশেষ সুবিধা নয়; এটি একজন কর্মীর শ্রম, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি। কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা আরও উৎসাহ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, যা শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বিসিবি পরিচালকের ভাষ্য অনুযায়ী, বোর্ডের বর্তমান নেতৃত্ব সুশাসন, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় তৈরির পাশাপাশি মাঠের বাইরের কর্মীদের কল্যাণেও গুরুত্ব দিচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি সেই নীতিরই বাস্তব প্রতিফলন।

তিনি বলেন, একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো গড়ে তুলতে খেলোয়াড়, কোচ, প্রশাসক, গ্রাউন্ডসম্যান, পরিচ্ছন্নতা কর্মীসহ সংশ্লিষ্ট সবার অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ক্রিকেট পরিবারের প্রতিটি সদস্যের মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই বিসিবির লক্ষ্য।

মিরপুর স্টেডিয়ামে দর্শকসেবা ও অবকাঠামোগত উন্নয়নে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন তামিম ইকবাল। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি সেই ধারাবাহিকতারই সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ