বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন এনএসসিতে জমা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনের দুর্নীতি ও অনিয়ম নিয়ে গঠিত তদন্ত কমিটি নির্ধারিত ১৫ কার্যদিবসের আগেই আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এনএসসির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। তবে প্রতিবেদনে সরাসরি কাউকে অভিযুক্ত করা হয়নি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এ কে এম আসাদুজ্জামান।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি পরিচালক পর্ষদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ এক সাবেক বিচারপতিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাদুজ্জামান বলেন, কাউকে অভিযুক্ত করা হয়নি। যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম, তাদের জিজ্ঞাসাবাদ করে নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু করতে কিছু গাইডলাইনও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিস্তারিত তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে।
তদন্তের স্বার্থে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ শীর্ষ কর্তাদের কমিটির সামনে হাজির হতে হয়েছিল। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকেও তলব করা হয়েছিল, তবে তিনি উপস্থিত হননি।
প্রতিবেদন জমার কিছুক্ষণ পর নিজের ফেসবুক পেজে তিনি অনুপস্থিতির কারণ জানান। তার দাবি, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং বিসিবির স্বায়ত্তশাসন লঙ্ঘনের আশঙ্কায় তিনি সাড়া দেননি। একইসঙ্গে কমিটির প্রজ্ঞাপনে আগে থেকেই সিদ্ধান্ত নির্ধারিত ছিল বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, অক্টোবরের বিতর্কিত ওই নির্বাচনের পর থেকে বিসিবিতে অস্থিরতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বোর্ডের সাতজন পরিচালক পদত্যাগ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে