Views Bangladesh Logo

নির্বাচনের পরদিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে।

সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি তামিম ইকবাল বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। সীমান্তর পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের একাধিক পরিচালক।

এর আগে রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশ্য নির্বাচনের আগেই তিনি বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, বিসিবি নির্বাচনে তিনি রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এই ব্যস্ততার কারণে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং ক্রিকেট বোর্ডের স্বার্থ বিবেচনা করেই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ