Views Bangladesh Logo

পদত্যাগ করলেন বিসিবির আরও এক পরিচালক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এবার বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফাইয়াজুর রহমান।

তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার দুপুরে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন ফাইয়াজুর রহমান। দীর্ঘ সময় ধরে চলা ওই সভার একপর্যায়ে সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দেন এবং এরপর বোর্ড ত্যাগ করেন।

বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে চারজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পদত্যাগ করেন। তারও আগে বোর্ড ছেড়েছেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন।

অন্য তিন পরিচালকের মতো ফাইয়াজুর রহমানও তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটেগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি।

এর আগে গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। পরে গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদ থেকেও সরে দাঁড়ান আমজাদ হোসেন।

এরপর থেকেই বিসিবির আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন চলছিল। তিন দিনের ব্যবধানে আরও দুই পরিচালকের বিদায়ে সেই গুঞ্জনই যেন সত্য প্রমাণিত হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ