Views Bangladesh Logo

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানায়, সৈকতের পদত্যাগের সঙ্গে কোনো বিতর্কিত ঘটনার সম্পর্ক নেই; বরং তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং আন্তর্জাতিক দায়িত্ব বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিসিবি জানায়, সৈকত বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, যার মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও পরে তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি। বিসিবি বলছে, আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব ক্রমশ বেড়ে যাওয়ায় আগের মতো বোর্ডের হয়ে নিয়মিত দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।

বিসিবি আরও জানায়, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের জাতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রচলন নেই। তবে প্রয়োজন অনুযায়ী এবং সৈকতের প্রাপ্যতা সাপেক্ষে ভবিষ্যতেও তাকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ ও দেশের ঘরোয়া ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। এ কারণেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্প্রতি গুঞ্জন ওঠে, ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের শাস্তি বাতিলের ঘটনায় অসন্তুষ্ট হয়ে সৈকত পদত্যাগ করেছেন। তবে বিসিবি তাদের ব্যাখ্যায় স্পষ্ট করেছে, তার চুক্তি শেষ হওয়া এবং আন্তর্জাতিক দায়িত্ব বৃদ্ধিই এই সিদ্ধান্তের মূল কারণ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ