বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। বহুল প্রতীক্ষিত এই সফরের পূর্ণাঙ্গ সূচি ও ম্যাচ শুরুর সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ জুন ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশে পৌঁছানোর পর প্রথম দিন বিশ্রামে থাকবে সফরকারীরা। এরপর শুরু হবে তাদের আনুষ্ঠানিক অনুশীলন। সিরিজ শেষে আগামী ২২ জুন বাংলাদেশ ত্যাগ করবে অস্ট্রেলিয়া।
সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ জুন প্রথম ওয়ানডের মাধ্যমে মাঠের লড়াই শুরু হবে। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। মিরপুরে সব ওয়ানডে ম্যাচ সকাল ১১টায় শুরু হবে বলে জানিয়েছে বিসিবি।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ের জন্য চট্টগ্রামে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
বিসিবি জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখেই সব ম্যাচ দিনের আলোতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজেও একই সময়সূচি অনুসরণ করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার এই সফরকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তেজনা। বিশেষ করে ২০২১ সালের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজের পর আবারও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটভক্তরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে