Views Bangladesh Logo

বাংলা কিউআর কোডে মার্চেন্ট পেমেন্টের সর্বনিম্ন ফি নির্ধারণ

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে আরও শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের অধীনে বাংলা কিউআর কোডের মাধ্যমে হওয়া মার্চেন্ট পেমেন্টের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা সেবা ফি-এর সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে ১ শতাংশে (ভ্যাটসহ)।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-২ (পিএসডি-২) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সইয়ে জারি হওয়া এই নির্দেশনা কার্যকর হয়েছে জারির দিন থেকেই।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এর আগে এনপিএসবি এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধের ক্ষেত্রে পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের জন্য এমডিআরের একটি সীমা আগেই বেঁধে দেওয়া ছিল। এবারের নির্দেশনায় অন্য সব ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআর কোডভিত্তিক মার্চেন্ট পেমেন্টের জন্যই এই নতুন হার নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)—এসব মাধ্যমে বাংলা কিউআর কোড দিয়ে মার্চেন্ট পেমেন্ট নেওয়ার সময় অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।

তবে ডিজিটাল লেনদেন বাড়াতে উৎসাহিত করার লক্ষ্যে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে প্রোমোশনাল ক্যাম্পেইন চালাতে পারবে, এমন সুযোগও রাখা হয়েছে সার্কুলারে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ