Views Bangladesh Logo

বেসরকারি ৩ ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এটি সংকটে থাকা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় উদ্যোগ এবং বিপর্যস্ত আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। পুনর্গঠিত তিনটি ব্যাংক হলো— এনআরবিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি এবং মেঘনা ব্যাংক পিএলসি।

নতুন গঠিত এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদে সাবেক কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়াকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবুল বাশার ও মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ এমদাদ উল্লাহ।

এনবিআর ব্যাংকের পরিচালনা পর্ষদে উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ইকবাল আহমদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছেন— গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদ সদস্য ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ নূরুল আহকাম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমান এফসিএ।

এদিকে, মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। সূত্র জানায়, বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে রয়েছে, যা গত দুই বছরে আরও প্রকট আকার ধারণ করেছে।

মূলত, ব্যাংক ব্যবস্থাপনায় প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য, ঋণের নামে অর্থ আত্মসাৎ, ব্যাপক অর্থপাচার, ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি, তীব্র তারল্য সংকট এবং চলমান ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এই সমস্যার অন্যতম কারণ।

চলতি বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকসহ ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে। ইসলামী ব্যাংক আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

গভর্নর ড. আহসান এইচ. মনসুরের মেয়াদে এটি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় দফায় পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ