Views Bangladesh Logo

চলতি সপ্তাহে ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

 VB  Desk

ভিবি ডেস্ক

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে একজন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবে না।

শনিবার (১০ আগস্ট) রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের এ সর্বোচ্চ সীমা বেধে দেয়া হয়েছে।

নির্দেশনা বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ অর্থ স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে।

এ ছাড়াও চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করা ও সন্দেহজনক লেনদেন বন্ধ করারও নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার এসেছে। তবে এখনও পর্যাপ্ত পুলিশ নেই। কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত।

এর আগে গত বৃহস্পতিবার ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের জন্য এক লাখ টাকা উত্তোলনের সীমা বেধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ওই নির্দেশনা শুধুমাত্র একদিনের (বৃহস্প‌তিবার) জন‌্যই বলবৎ ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ