Views Bangladesh Logo

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

দেশের তপশিলি ব্যাংকগুলোর ঋণগ্রহীতাদের বন্ধকি বা জামানতি সম্পত্তি মূল্যায়নের জন্য ১৩১টি যোগ্য মূল্যায়নকারী প্রতিষ্ঠান ও কোম্পানির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তি নীতিমালা অনুযায়ী ১৩১টি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৮টি প্রতিষ্ঠানকে ‘ক’ গ্রুপে এবং ৩৩টি প্রতিষ্ঠানকে ‘খ’ গ্রুপে রাখা হয়েছে।

তপশিলি ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের নেওয়া বা নেওয়ার কথা থাকা ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়ন তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সময়ে সময়ে জারি করা মূল্যায়নসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুমোদনের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে নীতিমালার শর্ত পালনে ব্যর্থ হলে তিন বছর পূর্ণ হওয়ার আগেই কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর ১৫ জানুয়ারির মধ্যে বার্ষিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ