Views Bangladesh Logo

আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ঋণ পুনর্গঠনে সহায়তায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে পরিচালিত সব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পুনর্গঠনে নীতিগত সহায়তা দিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, আর্থিক সংকটে থাকা কিন্তু সম্ভাবনাময় ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা এবং ঋণ পুনরুদ্ধার সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধা চালু করা হয়েছে, যা ব্যাংকিং কোম্পানির ঋণগ্রহীতাদের জন্য বিদ্যমান নীতিগত সহায়তার অনুরূপ।

সার্কুলারে বলা হয়, এ নীতিমালার উদ্দেশ্য হলোÑ ঋণ পুনরুদ্ধার নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতির উৎপাদনশীল খাতে পুনঃবিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করা।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(১)(ক) ধারার আওতায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড কাস্টমার সার্ভিসেস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (এফসিআরপিডি) পরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ সার্কুলার তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এ নীতিমালা বাস্তবায়নের ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা আরো শক্তিশালী হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ