ডলার বুকিং দেওয়ার নতুন নিয়ম চালু কেন্দ্রীয় ব্যাংকের
ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেওয়ার নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের
ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) সর্বোচ্চ কত হবে তাও বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়মে এক
বছর পর ডলারের দাম বর্তমানের চেয়ে ‘এসএমএআরটি’ বা স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫
শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক।
গতকাল রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারির মাধ্যমে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ
ব্যাংক।
নতুন নিয়মে এক বছরের জন্য ডলার বুকিং দিয়ে রাখা যাবে। এ জন্য গ্রাহককে অতিরিক্ত
অর্থ দিতে হবে। এটা নির্ধারণ হবে এখন যে পদ্ধতির উপর ভিত্তি করে ঋণের সুদের হার নির্ধারিত
হয় তার মাধ্যমে। যেটা স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি- ‘এসএমএআরটি’বিল
হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতে স্মার্ট রেট জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে
স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি
সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে। আগাম ডলারের দরের জন্য ‘এসএমএআরটি’ রেটের সঙ্গে আরো
৫ শতাংশ যোগ করে ১২ দশমিক ১৪ শতাংশ হবে।
বর্তমানে আমদানিতে ডলারের দাম ১১০ টাকা। কেউ ভবিষ্যতের জন্য ডলারের বুকিং দিতে
চাইলে তাকে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকার মতো পরিশোধ করতে হবে। আর মাস ভিত্তিক দাম
হলে তা মাস হিসেবেই কমে আসবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে