Views Bangladesh Logo

আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে আমদানি ঘোষণা বিধিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে আমদানি ঘোষণার বিধিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে আমদানিকারকেরা এখন তাদের মূল কোম্পানি, অনুমোদিত বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং শাখা কার্যালয়ের সঙ্গে আরও সহজে আমদানি বাণিজ্য পরিচালনা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে স্বচ্ছতা, বাজারভিত্তিক মূল্য নির্ধারণ এবং সংশ্লিষ্ট আইন মেনে চলার শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আগের নির্দেশনায় সংশোধন আনে। এর আগে আমদানিকারকদের ঘোষণা দিতে হতো যে বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক কিংবা আর্থিক স্বার্থ নেই।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ বৈধভাবে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পন্ন হয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে ঘোষণার নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, এখন থেকে এ ধরনের লেনদেনে যুক্ত আমদানিকারকদের ঘোষণা দিতে হবে যে, লেনদেনটি আর্মস লেংথ ভিত্তিতে অর্থাৎ স্বাধীন ও প্রতিযোগিতামূলক বাজারদরে সম্পন্ন হয়েছে। পাশাপাশি লেনদেনটি ট্রান্সফার প্রাইসিং–সংক্রান্ত বিধান, সংশ্লিষ্ট আইন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের (এএমএল/সিএফটি) মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও নিশ্চিত করতে হবে।

নতুন নিয়মে নির্ধারিত আইএমপি ফরমের ১(গ) ধারায় আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে কোনো সম্পর্ক নেই—এমন ঘোষণা আর দিতে হবে না। এ জন্য বাংলাদেশ ব্যাংক আইএমপি ফরমেও প্রয়োজনীয় সংশোধন এনেছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানি লেনদেন প্রক্রিয়াকরণের আগে প্রয়োজনীয় ঘোষণা সংগ্রহের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আমদানিকারক ও বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্পর্কের বৈধতা যাচাই করতে যথাযথ নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রয়োজনীয় পরিবর্তনসহ রপ্তানি লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ লক্ষ্যে গত ৩০ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-২৬-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক এডি ব্যাংকগুলোকে সংশোধিত নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করে তা দ্রুত ও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ