বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত ফি বৈদেশিক মুদ্রায় পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব পরীক্ষা স্থানীয় কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয় শুধু সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই অনুমোদন প্রযোজ্য।
বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, টোফেল, স্যাট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের কিছু বিদেশি পরীক্ষার ক্ষেত্রে দেশের পরীক্ষাকেন্দ্র বা পরীক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন স্থানীয় মুদ্রা (টাকা) গ্রহণ করতে পারবে। এসব ফি পরে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে (আউটওয়ার্ড রেমিট্যান্স) বৈদেশিক মুদ্রায় প্রেরণ করা যাবে।
তবে এজন্য কয়েকটি শর্ত মানতে হবে। যেমন—ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা পরিচালনাকারীরা বৈধ ও বিদেশি কর্তৃপক্ষের অনুমোদিত। এছাড়া ব্যাংকগুলোকে যথাযথ যাচাই-বাছাই করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্সের আবেদনপত্রের সঙ্গে বিশদ ইনভয়েস, কর সংক্রান্ত দলিল এবং তথ্যের যথার্থতা ও বিদেশি পরীক্ষার্থীর অংশগ্রহণ নেই—এই মর্মে ঘোষণা দাখিল করতে হবে। ভুল তথ্য বা হিসাব দিলে আবেদনকারীকে দায়ী করা হবে এবং প্রয়োজনে অর্থ ফেরত আনতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এসব রেমিট্যান্স নির্দিষ্ট ব্যাংক শাখার মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকে তা জানাতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ব্যবহার করেও অর্থ পাঠানো যাবে।
এছাড়া, এসব লেনদেনের বিস্তারিত ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দাখিল করতে হবে বলেও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে