Views Bangladesh Logo

বাংলাদেশ ব্যাংক ও এএফআই-এর যৌথ কর্মশালা ‘জয়েন্ট লার্নিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

নারীদের আর্থিক অন্তর্ভুক্তি, বিভাজিত তথ্য ব্যবহার এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে ‘জয়েন্ট লার্নিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অ্যালিয়েন্স ফর ফাইনান্সিয়াল ইনক্লুশন (এএফআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ৩ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এএফআই বিশ্বের উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির নীতি-নির্ধারকদের মধ্যে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি, তথ্য আদান-প্রদান ও নীতিগত আলোচনার মাধ্যমে টেকসই আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটাতে কাজ করে। বর্তমানে ৮৩টি দেশ ও ১৭০টি প্রতিষ্ঠান এএফআই-এর সদস্য, যেখানে বাংলাদেশ ব্যাংক ২০০৩ সাল থেকেই সদস্য হিসেবে যুক্ত রয়েছে। সদস্যপদ গ্রহণের পর থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আইওএফআই বোর্ড, ওয়ার্কিং গ্রুপ ও বিভিন্ন কমিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

এ বছরের কর্মশালায় ৩২টি দেশের ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যাদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা ছিলেন। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এএফআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামিল বেনালি ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। চার দিনব্যাপী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন ও মোহাম্মদ খসরু পারভেজ, এএফআই-এর শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালার অধিকাংশ অংশগ্রহণকারী ছিলেন নারী কর্মকর্তা, যারা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে রয়েছেন। কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মূলধারার আর্থিক অন্তর্ভুক্তির বাস্তব চিত্র উপলব্ধি করতে সহায়তা করে।

আলোচনায় বক্তারা ও অংশগ্রহণকারীরা বিদ্যমান আর্থিক অন্তর্ভুক্তি নীতিমালা ও নারী উদ্যোক্তা সংক্রান্ত নীতিগুলো আরও কার্যকর ও সময়োপযোগী করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি, অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করেন। বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত এই কর্মশালাটি কেবল প্রশিক্ষণমূলক ছিল না, বরং এটি এক অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে। আশা করা হচ্ছে, এই ইতিবাচক মতবিনিময় বিভিন্ন দেশে আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ