সাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘মন্থা’য়
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’ (Montha)— যা প্রস্তাব করেছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেসময় এটি ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৪০ কিলোমিটার দক্ষিণে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে।
বুলেটিনে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে গভীর নিম্নচাপের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মূলত ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে