মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র সাত বছর বয়সে গানের জগতে পথচলা শুরু করেন তিনি। ভরাট ও আবেগঘন কণ্ঠে একাই যেকোনো আসর মাতিয়ে তুলতে পারতেন এই শিল্পী।
গায়ক হিসেবেই নয়, একজন দক্ষ বাদ্যযন্ত্রী হিসেবেও পরিচিত ছিলেন সুনীল কর্মকার। বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন তিনি।
বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনে অনুপ্রাণিত হয়েই সংগীতজগতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন সুনীল কর্মকার। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে বহু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
নিজস্ব সৃষ্টিতেও সমৃদ্ধ ছিলেন এই বাউল শিল্পী। তার লেখা গানের সংখ্যাও কম নয়—প্রায় দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে