বিশ্বনাথে বাউল গানের অনুষ্ঠানে হামলা
সিলেটের বিশ্বনাথের শ্রীপুর গ্রামে একটি বাউল গানের অনুষ্ঠানে হামলা করে তা পণ্ড করে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (২৩ মার্চ) রাতে অনুষ্ঠান চলাকালীন একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি সেখানে হামলা চালায়।
স্থানীয়রা জানান, উপজেলার রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজার প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে বাউল গানের আসর বসে। এর ধারাবাহিকতায় এবারও সেখানে তিন দিনব্যাপী বাউল গানের আসরের আয়োজন করা হয়। রবিবার রাতে শতাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়। তারা এসময় বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে মিছিল করতে করতে স্থান ত্যাগ করে।
খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে এ হামলায় কে বা কারা জড়িত, তা জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে