জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা প্রায় সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি কারামুক্ত হন।
কারা কর্তৃপক্ষ জানায়, তার জামিনের কাগজপত্র রোববার কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আজ তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারাফটকে তার স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার হালিমা খাতুন।
এর আগে ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় উচ্চ আদালত গত ৫ এপ্রিল তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে।
পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঘিওর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে