ইউনিফর্ম না পরলে ভাতা বন্ধ হবে কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত গাড়িচালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অফিস চলাকালে নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে তাদের পোশাক বা লিভারেজ বাবদ দেওয়া ভাতা বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের ইউনিফর্ম পরিধানের বিষয়ে তাদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারি পরিপত্র অনুযায়ী নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বিভাগ, শাখা ও অফিসপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, যেসব কর্মচারী এই নির্দেশনা অনুসরণ করবেন না, তাদের অনুকূলে পোশাক বা লিভারেজ বাবদ অর্থ প্রদান করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও অফিসপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
লিভারেজ সুবিধা হলো সরকার নির্ধারিত দাফতরিক পোশাকের জন্য দেওয়া একটি আর্থিক সুবিধা। নির্দিষ্ট শ্রেণির কর্মচারীরা নিজ দায়িত্বে এসব পোশাক ব্যবহার করেন এবং পোশাক কেনার জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হারে ভাতা পান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও এসব কর্মচারীকে পোশাক কেনার জন্য এ ভাতা প্রদান করে থাকে।
মতামত দিন