ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ এইচপির প্রথম হার
প্রথম তিন ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল, তবে চতুর্থ ম্যাচে এসে আর পারল না। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ এইচপি। অবশ্য এই হারের পরও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে সোমবার আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৪ রান করে অ্যাডিলেড। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ এইচপি ৯ উইকেটে ১৪৩ রানে থেমে যায়। ম্যাচে সর্বোচ্চ ৬৬ রান করেন বাংলাদেশ এইচপির আরিফুল ইসলাম, তবে তার ইনিংসটি টি-টোয়েন্টির দাবি মেটাতে পারেনি—৬৬ রান করতে তিনি খেলেছেন ৫৪ বল।
লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই আউট হন জিসান আলম। এরপর হাবিবুর রহমানের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে বাংলাদেশ এইচপিকে জয়ের পথেই রাখেন আরিফুল। আগের তিন ম্যাচে এক অঙ্কে আউট হওয়া হাবিবুর এই ম্যাচে ১৮ বলে ২৩ রান করেন, তবে তিনি আউট হওয়ার পর আরিফুলের সঙ্গে আর কেউ বড় জুটি গড়ে তুলতে পারেননি। শামীম পাটোয়ারী ১৮ রান করলেও খেলেছেন ১৮ বল, আর তার পরের পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। অভিজ্ঞ সাব্বির রহমান (৬) ও অধিনায়ক ইরফান শুক্কুরও (৫) ব্যর্থ হয়েছেন।
এর আগে টমাস কেলি, হেনরি হান্ট ও নোয়াহ ম্যাকফ্যাডিয়েনের ত্রিশোর্ধ্ব ইনিংসে বাংলাদেশকে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় অ্যাডিলেড। বল হাতে আবদুল গাফফার সাকলাইন ৪টি ও মোহাম্মদ রুবেল ৩ উইকেট নেন, তবে বল হাতে সবচেয়ে বাজে দিন পার করেছেন রিপন মণ্ডল, যিনি ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
বাংলাদেশ এইচপির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।
মতামত দিন