সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের ঘেরাও-অবরোধ, যানবাহন ভাঙচুর
অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের দাবিতে সিলেট শহরে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। মিছিল, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেন তারা।
গত তিন দিনে, শহরজুড়ে অভিযানে শতাধিক যানবাহন জব্দ করেছে পুলিশ। কেবল বুধবারই (২৪ সেপ্টেম্বর) ৪৪টি ব্যাটারিচালিত রিকশাসহ ৬৯টি যানবাহন জব্দ করা হয়। বাকিগুলোর মধ্যে ছিল অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক এবং ব্যক্তিগত গাড়িও। বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে ৩১টি মামলাও হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভে অংশ নেন শত শত রিকশাচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়ে দুপুরের দিকে চৌহাট্টা পয়েন্টের দিকে যাত্রা করেন। বিক্ষোভকারীরা বাঁশের খুঁটি দিয়ে সড়ক অবরোধ করলেও পুলিশ তাদের হটিয়ে দেয়।
পরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন এবং দাবির সপক্ষে স্মারকলিপি জমা দেন চালকরা।
মিছিল থেকেও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাসহ সিলেট সিটি কর্পোরেশনের গেট ভাংচুর করেন বিক্ষোভকারীরা।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিক্ষোভ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল। শৃঙ্খলা রক্ষায় শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি বলেন, আজ কোনো অভিযান চালানো হয়নি। চালকদের দাবি পর্যালোচনা করা হচ্ছে। তবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান স্থগিত করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে