চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সাম্প্রতিক সময়ে নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের ধরপাকড় অভিযানের প্রতিবাদে রাস্তায় নামে চালকরা। গত কয়েক সপ্তাহে প্রায় ৩ হাজার ব্যাটারিচালিত যানবাহন জব্দ করা হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েন শ্রমজীবী চালকরা।
বুধবার বিক্ষুব্ধ চালকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।
সংঘর্ষ চলাকালে চালকরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়েন এবং সেখান থেকে ইট ছুড়তে থাকেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ব্যস্ত আরাকান সড়ক বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।
চট্টগ্রাম ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, ‘আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। তবে গত কয়েক দিনে হাজার হাজার ব্যাটারি রিকশা ও ইজি বাইক জব্দ করায় যারা এই পেশার ওপর নির্ভরশীল, তারা জীবন-জীবিকার প্রশ্নে রাস্তায় নেমে পড়েছেন।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শহরে ১ লাখ ৫০ হাজারের বেশি ব্যাটারিচালিত যান রয়েছে। কিন্তু কোনো নীতিমালা নেই—কোথায় চলবে, কোথায় চলবে না। পুলিশ যেভাবে ইচ্ছা জব্দ করছে, চালকদের হয়রানি করছে। এটা চলতে পারে না।’
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে