Views Bangladesh Logo

শিরোপা জয়ে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রোয়া ফুটবলের নতুন মৌসুমের প্রথম আসর বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বসুন্ধরা কিংস। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-১ গোলের বড় জয়ে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিংকে।

ম্যাচ শুরুর আগে মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় ১১ মিনিট দেরিতে শুরু হয় খেলা। শুরুটা ছিল রোমাঞ্চকর—প্রথম ১৩ মিনিটেই দেখা মেলে দুটি পেনাল্টির। সপ্তম মিনিটে ফাউলের শিকার হন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন, আর সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে ছয় মিনিট পরই সমতায় ফেরে মোহামেডান। বক্সের ভেতরে এলি কেকে’কে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করেন উজবেক ফরোয়ার্ড মোজাফফরভ।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কিংস। বিরতির আগেই দোরিয়েলতনের শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে খানিকটা নীরস খেলা হলেও ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসের সোহেল রানা। ১০ জনের দলে পরিণত হলেও আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কিংস। ৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন রাফায়েল আগুস্তো।

তিন মিনিট পর দোরিয়েলতনের কাটব্যাক থেকে গোল করেন এমানুয়েল সানডে। শেষ দিকে ৮৬ মিনিটে মোহামেডানের ডিফেন্স ভেদ করে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন দোরিয়েলতন।

তবে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। একাধিকবার মোহামেডান সমর্থকরা মাঠে পানির বোতল ও স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন, ফলে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। অতিরিক্ত সময়েও একই ঘটনা ঘটে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও সমর্থকরা। ঘরোয়া মৌসুমের প্রথম শিরোপা জিতে শুভসূচনা করল কিংস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ