Views Bangladesh Logo

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন, নির্দেশনা চেয়ে রিট

কারাবন্দী আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লিটন আহমেদ আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন।

এর আগে ১২ এপ্রিল ব্যারিস্টার সুমনের পক্ষে ঢাকার জেলা প্রশাসকের কাছে মনোনয়ন ফরমে তার স্বাক্ষরের ব্যবস্থা করতে আবেদন করা হয়েছিল।

রিটে বলা হয়েছে, ওই আবেদন নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি বিচারাধীন অবস্থায় থাকা সুমনের মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে। রিটে আইনসচিব, বার কাউন্সিলের সচিব ও ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী লিটন আহমেদ জানান, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল। প্রার্থী হতে হলে মনোনয়ন ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ অক্টোবর ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হন। তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ