Views Bangladesh Logo

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংস্থাটির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। ওই প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল।

নবনিযুক্ত সিআইডি প্রধান এর আগে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর এবং দেশের বিভিন্ন রেঞ্জ ও জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। ফরেনসিক বিজ্ঞান, অপরাধ তদন্ত, গোয়েন্দা কার্যক্রম এবং আধুনিক পুলিশিং বিষয়ে দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, দীর্ঘ প্রশাসনিক ও তদন্তসংশ্লিষ্ট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের নেতৃত্বে সিআইডির তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ