মেসের বদ্ধ ঘরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
মেসের বদ্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকার নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি উদ্ধার করার অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
মেসের অন্য বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই উচ্ছ্বাসের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। পরে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের একটি দল বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, ‘খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।’
এদিকে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বলেন, ‘মরদেহের সার্বিক অবস্থা বিবেচনা করে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
মতামত দিন