শিক্ষকদের শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা
শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে (ভিসি) অবাঞ্ছিত ঘোষণা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
জানা গেছে, গত ২১ এপ্রিল থেকে পদোন্নতির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। পরে সিন্ডিকেট সভায় বিষয়টির সমাধানের আশ্বাসে পাঁচ দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। তবে গত শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় সোমবার থেকে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা প্রশাসন ভবনের নিচতলায় অবস্থান নেন। পরে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ছাড়তে বলেন। একপর্যায়ে রেজিস্ট্রার অফিস, অর্থ বিভাগসহ কয়েকটি দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শিক্ষকরা নিচতলা থেকে সরে গেলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তার দপ্তরে যান এবং বিকেল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। যদিও আন্দোলনকারীরা তার কার্যালয়ে প্রবেশ করেননি।
আন্দোলনকারী শিক্ষক ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় বলেন, এই পরিস্থিতির জন্য উপাচার্য দায়ী। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। প্রশাসনিকভাবে তাকে কোনো সহযোগিতা করা হবে না।
তিনি আরও বলেন, শিক্ষকরা যেসব প্রশাসনিক পদে ছিলেন, সেগুলো থেকে পদত্যাগ করেছেন। পদোন্নতির বোর্ড বসানোর ছয় মাস পেরিয়ে গেলেও উপাচার্য বিষয়টি ঝুলিয়ে রেখেছেন।
অন্যদিকে উপাচার্য ড. তৌফিক আলম সাংবাদিকদের বলেন, সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শিক্ষার্থীদের ক্ষতি করে এ ধরনের আন্দোলন সমীচীন নয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদোন্নতি প্রত্যাশী প্রায় ৬০ শিক্ষক দাবি করছেন, তাদের অধিকাংশের পদোন্নতির নির্ধারিত সময় দুই বছর আগেই পূর্ণ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে পদোন্নতি দেওয়া হয়নি।
এ বিষয়ে উপাচার্য দাবি করেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন পদোন্নতি নীতিমালা প্রণয়ন করেছে। জানুয়ারিতে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর সেটি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি ও সংবিধিতে প্রয়োজনীয় সংশোধনের প্রক্রিয়া চলছে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. জামিলুর রহমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ নিয়ে বুধবার ইউজিসিতে বৈঠক অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে