Views Bangladesh Logo

বরিশাল সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা

বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও অপসারণ দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা সিভিল সার্জনের নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। পরে তারা কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের শেষ দিন হলেও ডা. মনিরুজ্জামান অফিসে উপস্থিত হননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার কক্ষের দরজায় প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি বিতর্কমুক্ত ও সৎ একজন কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

আরেক শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই জনস্বার্থে বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া উচিত।

শিক্ষার্থী নাঈম ইসলাম অভিযোগ করে বলেন, অতীতে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে বরিশালে দেখতে চান না তারা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ