বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জামিনে মুক্ত
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার দুপুরে তিনি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক এস.এম. শরিয়ত উল্লাহ তা মঞ্জুর করেন।
তালুকদার মো. ইউনুসের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সার জানান, তার বিরুদ্ধে মাত্র একটি মামলা ছিল। নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার সরোয়ার হোসেন ২০২৫ সালে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২০১৭ সালের একটি মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে। এই মামলায় তালুকদার মো. ইউনুসকে হুকুমের আসামি করা হয়েছিল। আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
অ্যাডভোকেট কায়সার আরও নিশ্চিত করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে দায়ের হওয়া কোনো মামলায় তালুকদার ইউনুসকে আসামী করা হয়নি।
বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ আসন এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে