Views Bangladesh Logo

বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, হামে তিন শিশুর মৃত্যু

বরগুনায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। সংক্রমণ শুধু শিশুদের নয়, বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ১৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়। আক্রান্তদের মধ্যে ১২২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। তাদের দাবি, প্যারাসিটামল ছাড়া অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলেয়া বেগম বলেন, 'আমার ছেলে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ দেয় না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা আমাদের জন্য খুব কষ্টকর।” ঢলুয়া এলাকার শিউলি বেগমও জানালেন, চার দিনে অসুস্থ শিশুর চিকিৎসার জন্য প্রায় পাঁচ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে।'

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, 'হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আশা করি দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ