Views Bangladesh Logo

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত

এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত দেওয়ার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত জুন মাসে এক নারী চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে যোগ দেওয়ার পর থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম সুযোগ পেলেই তাকে অকারণে নিজের কক্ষে ডাকতেন। সেখানে তিনি অনৈতিক প্রস্তাব দিতেন এবং অশালীন ইঙ্গিত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাবিত বা রুজু হলে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তকাজে প্রভাব বিস্তারের আশঙ্কায় রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগকারী নারী চিকিৎসক বলেন, স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাঁর ভাষায়, এই পদক্ষেপ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। যে-ই হোন—ঊর্ধ্বতন বা অধস্তন—সবাইকে কর্মক্ষেত্রে আচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিভাগীয় কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. রেজওয়ানুর আলম বলেন, আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ