২০৩০ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন মিশরীয় তরুণ ফরোয়ার্ড হামজা
বার্সেলোনার যুব দল থেকে দ্রুততম সময়ে মূল দলে জায়গা করে নেওয়া মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমকে দীর্ঘমেয়াদে রেখে দিচ্ছে ক্লাবের নীতিনির্ধারকরা। তরুণ এই প্রতিভাবান ফুটবলারের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাঁর সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। চুক্তি অনুযায়ী আগামী ৩০ জুন ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকবেন তিনি।
ক্লাবটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন হামজা। চুক্তি স্বাক্ষর পর্ব শেষে ক্লাবের কমার্শিয়াল অফিসে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করেই মূলত নজর কাড়েন এই তরুণ ফরোয়ার্ড। মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের বড় জয়ের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেন হামজা, যার ওপর ভর করে অনূর্ধ্ব-১৯ দল নিশ্চিত করে ডিভিশন ডি’অনারের শিরোপা।
যুব দলে এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ২০২৬ সালের গ্রীষ্মে হামজাকে স্থায়ীভাবে চুক্তিভুক্ত করে বার্সেলোনা। এরপর প্রধান কোচ হান্সি ফ্লিকের অধীনে মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বেও নিজের জাত চেনান তিনি। প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর মূল দলের রণকৌশলে নিয়মিত মুখ হয়ে ওঠেন মিশরীয় এই ফরোয়ার্ড।
পরবর্তীতে ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনা মূল দলের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় তাঁর। ক্লাবে যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের ব্যবধানে অ্যাকাডেমি থেকে ধাপে ধাপে উঠে এসে মূল দলে জায়গা শক্ত করার পাশাপাশি এবার দীর্ঘমেয়াদি চুক্তিতেও যুক্ত হলেন হামজা আবদেলকারিম।
মতামত দিন