Views Bangladesh Logo

রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলল বার্সেলোনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে স্তব্ধ করে দিয়ে স্প্যানিশ লা লিগার ২৯তম শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার (১০ মে) রাতে ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ‘এল ক্লাসিকো’ ম্যাচে লস ব্লাঙ্কোসদের ২-০ গোলে পরাজিত করে শিরোপার উল্লাসে মেতে ওঠে হানসি ফ্লিকের শিষ্যরা।

শিরোপার লড়াই টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে রিয়ালের জয়ের বিকল্প ছিল না। কিন্তু ম্যাচের শুরুতেই সেই আশায় জল ঢেলে দেন বার্সার ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। ৯ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত বাঁকানো ফ্রি-কিকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে নেন তিনি।

ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ফের্মিন লোপেজ ও দানি ওলমোর শৈল্পিক পাসিং থেকে পাওয়া বল দুর্দান্ত এক ফিনিশিংয়ের মাধ্যমে লক্ষ্যভেদে পরিণত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচের বাকি সময়ে রিয়াল মাদ্রিদ আক্রমণ চালালেও বার্সার জমাট রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়।

এই জয়ের ফলে আরও ৩টি ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনার সংগ্রহ দাঁড়াল ৯১ পয়েন্ট। অন্যদিকে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পক্ষে বার্সাকে ধরা আর সম্ভব নয়। লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল (৬৯ পয়েন্ট)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ