চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজিকে হারাল বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক পিএসজিকে হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বার্সা জয় পেয়েছে ৩-২ ব্যবধানে।
ম্যাচের ৩৭তম মিনিটে ডি-বক্স থেকে রাফিনিয়ার নিখুঁত শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ালে এগিয়ে যায় বার্সেলোনা। এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার এক গোলে পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে। ৪৮তম মিনিটে ক্লিয়ার করার চেষ্টায় ঠিকমতো শট নিতে পারেননি আরাউহো। ডি-বক্সে বল পেয়ে যান অরক্ষিত দেম্বেলে। বার্সার তিন খেলোয়াড় ছুটে গিয়ে প্রতিহত করার চেষ্টা করলেও কাজ হয়নি। ফরাসি ফরোয়ার্ডের বুলেট গতির শট তাদের ফাঁকি দিয়ে, টের স্টেগেনকে এড়িয়ে জড়ায় জালে।
ম্যাচের ৫১তম মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ফাবিয়ান রুইসের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভিতিনিয়া। ৬২তম মিনিটে আবারও দলকে পথ দেখান রাফিনিয়া। সবেই মাঠে আসা পেদ্রির বাড়ানো বলে ছুটে গিয়ে দুর্দান্ত এক ভলিতে খুঁজে নেন জাল। জায়গা থেকেই নড়তে পারেননি পিএসজি গোলরক্ষক।
৭৫তম মিনিটে দেম্বেলের শট ব্যর্থ হয় পোস্টে লেগে। এরপরই রাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে নেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। বদলি নামা দুই খেলোয়াড়ের একজন ক্রিস্টেনসেন কর্নার থেকে ৭৭তম মিনিটে চমৎকার হেডে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে ফিরতে লেগে লড়াইয়ে নামবে বার্সেলোনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে