অ্যাথলেটিককে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
অ্যাথলেটিক বিলবাও ক্লাবকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। বুধবার (৮ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচে কাতালান জায়ান্টদের হয়ে জয়ের নায়ক ছিলেন দুই তরুণ তারকা গাভি এবং লামিন ইয়ামাল।
সেমিফাইনালে ম্যাচের ১৭তম মিনিটে বার্সেলোনার হয়ে চমৎকার একটি শটে প্রথম গোলটি করেন গাভি। বিরতির পর ৫২তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার লামিন ইয়ামাল।
যদিও ৮৬তম মিনিটে বার্সার জালে বল জড়ায় অ্যাথলেটিক। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ তে শেষ হয় ম্যাচটি।
তবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দানি ওলমোকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। একই সঙ্গে একাদশে ছিলেন না পাও ভিক্টরও। তাদের অনুপস্থিতি বার্সেলোনার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। বরং গাভি, লামিন, বিলবাওয়ের সুনির্দিষ্ট পাসিং এবং ফুটবল কৌশল পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে।
অন্যদিকে পুরো ম্যাচে বার্সেলোনার রক্ষণভাগ ভেদ করতে ভিতরে ঢুকতে ব্যর্থ হয় অ্যাথলেটিক। এর মধ্যে কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। এর ফলে রক্ষণভাগের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে সহজ জয়ে ফাইনালে পা রাখল কাতালানরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে