মেরামত শেষে ফের উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর শনিবার (১৫ আগস্ট) সকালে ইউনিটটি পুনরায় সচল করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে ১ নম্বর ইউনিটের উৎপাদন পুনরায় চালু করা হয়। এরপর ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিরাপত্তার কারণে তখন ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরে প্রকৌশলী ও কারিগরি কর্মীরা মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি সারানোর পর শনিবার সকালে পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয় এবং পরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এ নিয়ে অল্প সময়ের ব্যবধানে ইউনিটটিতে আবারও যান্ত্রিক সমস্যার ঘটনা ঘটল। এর আগে গত ৩১ জুলাইও ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছিল। মেরামতের পর ২ আগস্ট সেটি পুনরায় উৎপাদনে ফেরে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের সক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটের সক্ষমতা ২৭৫ মেগাওয়াট। বর্তমানে ৩ নম্বর ইউনিটও চালু রয়েছে এবং সেখান থেকে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদনের ওপরই কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ অনেকটা নির্ভর করছে। ১ নম্বর ইউনিটটি ফের চালু হওয়ায় কেন্দ্রটির মোট উৎপাদন কিছুটা বাড়ল এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন