Views Bangladesh Logo

১৫ ঘণ্টা চলার পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে এবার বন্ধ হয়ে গেল কেন্দ্রটি।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের দুজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যকে জানান, আজ শনিবার বেলা ১১টার দিকে প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে। মেরামতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।

এর আগে বুধবার রাত ১০টা ২ মিনিটে প্রথম ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি ভেঙে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে কেন্দ্রটি পুনরায় চালু হয় এবং ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তবে মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও থমকে যায় উৎপাদন।

কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দুটি আগে থেকেই বন্ধ ছিল। একমাত্র চালু ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় এখন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং ও লো ভোল্টেজ নিয়ন্ত্রণে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এর মধ্যে দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে এবং তৃতীয় ইউনিটটি গত বছরের ১ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে একটিমাত্র ইউনিটের ওপর ভর করে চলছিল কেন্দ্রের উৎপাদন।

তবে আশার কথা জানিয়েছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী। তিনি বলেন, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট চালু হবে। আর দ্বিতীয় ইউনিট পুনরায় চালু করতে চীনা কোম্পানির সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এই ইউনিট চালুতে ব্যয় ধরা হয়েছে ২৩ মিলিয়ন ডলার, যদিও চীনা কোম্পানির সঙ্গে আলোচনার পর চূড়ান্ত অঙ্ক কমবেশি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ