ফের একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
বাংলা গানের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার আবারও একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের ঘোষণা দেন বাপ্পা মজুমদার। পোস্টার প্রকাশ করে ভক্তদের তারিখটি মনে রাখার আহ্বান জানান তিনি। কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।
তবে এখনো কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। তখন টিকিটের মূল্য ও অন্যান্য নিয়ম-শর্ত জানা যাবে।
বাপ্পা মজুমদার তিন দশকেরও বেশি সময় ধরে গান করছেন। দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত গান করলেও একক কনসার্ট করেছেন তুলনামূলক কম। ২০২২ সালে প্রথমবার একক কনসার্ট করেন তিনি। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় একক কনসার্ট করেন। গত বছরের জুলাইয়েও একটি একক শো করেছিলেন বাপ্পা, তবে সেটি ছিল তুলনামূলক ছোট পরিসরে।
এবার বড় পরিসরে আবারও একক কনসার্টের খবর ছড়িয়ে পড়ায় উচ্ছ্বসিত বাপ্পা মজুমদারের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই কনসার্টে উপস্থিত থাকার আগ্রহ জানিয়েছেন।
ক্যারিয়ারের তিন দশক পেরিয়েও নিয়মিত গান করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। নতুন গান প্রকাশের পাশাপাশি কনসার্ট ও বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে তাঁর সখ্যও অব্যাহত রয়েছে।
মতামত দিন