Views Bangladesh Logo

বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ সালের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবারের আসরে ১২টি দল অংশ নিচ্ছে, যাদের ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, কারণ এক নম্বর গ্রুপে তাদের সঙ্গী হয়েছে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ফলে এশিয়ার চার দলের মধ্যে তিন দলই পড়েছে একই গ্রুপে।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচ খেলবে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান, যা বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জ্যোতির দল, ম্যাচটি একই সময়ে অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তানের বিপক্ষে, যা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এরপর চার দিনের বিরতি পেয়ে ২৫ জুন ম্যানচেস্টারে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি একই সময়ে শুরু হবে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ, ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে।

অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ পর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই লর্ডসে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সবশেষ ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ