Views Bangladesh Logo

ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি রাহেদ হোসেন মাহেদ (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

শুক্রবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, রাহেদ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। পরে সিটিটিসির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও দাবি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ