চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নগরের মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। মিছিল আয়োজন ও অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত দিন