Views Bangladesh Logo

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন (৪০) ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। তিনি সারের ব্যবসা করতেন। ভৈরব বাজারে রিভারভিউ নামে তার একটি আবাসিক হোটেল আছে।

জানা গেছে, রবিবার রাত (২৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে আল আমিন তার ব্যবসাপ্রতিষ্ঠান রিভারভিউ হোটেলে ছিলেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মোটরসাইকেল নিয়ে হোটেল থেকে বাসার উদ্দেশে রওনা হন। বাসার সড়কে কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্বজনরা জানান, আল আমিনের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার একটি পায়ের রগ কাটা হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৩টার দিকে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ